বৈধ রেমিট্যান্স প্রবাহে গতি, শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে এসেছে প্রবাসী আয়। চলতি বছরের ১ থেকে ২৩ ফেব্রুয়ারি– এই মাত্র ২৩ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২,৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ বেশি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত বছর একই সময়ে (১–২৩ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসী আয় ছিল ২,০৭৬ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
একদিনেই এলো ৮৯ মিলিয়ন ডলার
ফেব্রুয়ারির ২৩ তারিখ একদিনেই দেশে এসেছে ৮৯ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রবাসী আয়। একক দিনে এই অঙ্কের রেমিট্যান্স প্রাপ্তি চলমান ঊর্ধ্বমুখী ধারারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থবছরে রেমিট্যান্স প্রায় ২২ বিলিয়ন ডলার
চলতি ২০২৫–২৬ অর্থবছরের (জুলাই ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত) হিসাব অনুযায়ী, দেশে মোট প্রবাসী আয় এসেছে ২১ হাজার ৯৯৯ মিলিয়ন মার্কিন ডলার।
এর বিপরীতে, আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৮ হাজার ৩৮ মিলিয়ন ডলার।
ফলে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৯ শতাংশ।
বৈধ পথে রেমিট্যান্সে আগ্রহ বাড়ছে
অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা, ডিজিটাল সুবিধা ও নজরদারি জোরদার করার ফলেই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত হওয়ায় প্রবাসীরা আনুষ্ঠানিক পথে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।





