দেশের উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্নীতি ও মাদক নির্মূল এবং কৃষি ও কর্মসংস্থান খাতে মৌলিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ এখন কেবল পরিবর্তন নয়, কার্যকর রাজনৈতিক অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ চায়।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনের আওতায় নিশ্চিত করা হবে। দখলবাজি, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি।”
দুর্নীতিকে দেশের অগ্রগতির প্রধান অন্তরায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির ‘টুটি চেপে ধরা হবে’ এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার ভয়াবহ বিস্তার ঘটেছে। এই বিষ সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। বিএনপি সরকার গঠন করলে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।”
তরুণ সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু প্রথাগত শিক্ষা নয়, আধুনিক কারিগরি প্রশিক্ষণ ও বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার মাধ্যমে যুবকদের দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে এবং তাদের জন্য সম্মানজনক হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করা হবে।
কৃষি খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালুর ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, “নদী ও খাল দখল হয়ে যাওয়ায় কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে সারা দেশে জলাশয় সংস্কার ও খাল পুনঃখনন করা হবে।”
এছাড়া দেশের ভেঙে পড়া সড়ক যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিও দেন তিনি।
পথসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।





