কয়েক দিনের জন্য কোথাও বেড়াতে বা ছুটিতে যাচ্ছেন? কাজের জায়গা থেকে দূরে থাকলেও ইনবক্সে জরুরি ইমেইল আসতে পারে। কিন্তু ছুটির আনন্দ বা বিশ্রামের মাঝে বারবার মেইল খুলে সবার জবাব দেওয়া বেশ ঝামেলার। আবার আপনার সাড়া না পেয়ে কেউ যেন অযথা অপেক্ষায় না থাকেন, সেই সমাধানও রাখা আছে জিমেইলে।
জিমেইলের ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ ফিচারটি কাজে লাগালে আপনার অনুপস্থিতিতে আসা মেইলগুলোর জবাব স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। আগে থেকেই আপনি একটি বার্তা লিখে রাখতে পারবেন এবং ছুটি কবে শুরু ও কবে শেষ, তা ঠিক করে দিতে পারবেন। ফলে ওই সময়ের মধ্যে কেউ মেইল পাঠালে আপনার সাজিয়ে রাখা উত্তরটি সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যাবে। কম্পিউটার, অ্যান্ড্রয়েড কিংবা আইফোন সব ডিভাইস থেকেই এই সুবিধা চালু করা যায়। চলুন, সহজ ধাপগুলো দেখে নেওয়া যাক।
কম্পিউটারে অটো রিপ্লাই চালু করার নিয়ম
কম্পিউটার থেকে খুব সহজেই এই সুবিধা চালু করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে ব্রাউজার থেকে নিজের জিমেইল অ্যাকাউন্টে লগইন করুন।
- এরপর ওপরের ডান কোণায় থাকা সেটিংস আইকনে ক্লিক করুন।
- ‘সি অল সেটিংস’-এ গিয়ে ‘জেনারেল’ ট্যাবে থাকুন।
- নিচের দিকে স্ক্রল করে ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ খুঁজে বের করুন এবং ‘ভ্যাকেশন রেস্পন্ডার অন’ বেছে নিন।
তারিখ ও বার্তা যেভাবে সাজাবেন
সুবিধাটি চালু করার পর কয়েকটি ঘর পূরণ করতে হবে। এর মধ্যে স্টার্ট ডেটে ছুটি কোন দিন থেকে শুরু হচ্ছে সেই তারিখ দিন এবং এন্ড ডেটে ছুটি কবে শেষ হবে তা নির্ধারণ করুন। সাবজেক্টের ঘরে স্বয়ংক্রিয় মেইলের বিষয় লিখুন। আর মেসেজে কতদিন ছুটিতে আছেন এবং কবে আবার কাজে ফিরবেন, তা সংক্ষেপে গুছিয়ে লিখুন।
ইচ্ছে করলে শুধু আপনার কন্টাক্টসে থাকা পরিচিতজনদের কাছেই এই স্বয়ংক্রিয় উত্তর পাঠানোর অপশন বেছে নিতে পারেন। সব তথ্য দেওয়া হলে পেজের নিচে গিয়ে ‘সেভ চেঞ্জেস’-এ ক্লিক করলেই কাজ শেষ। নির্ধারিত সময় অনুযায়ী জিমেইল নিজে থেকেই জবাব পাঠাবে।
অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে চালু করবেন
হাতের অ্যান্ড্রয়েড ফোন থেকেই কয়েক মুহূর্তে এটি সেট করা যায়। চলুন ধাপগুলো দেখে নিই:
- ফোনের জিমেইল অ্যাপ খুলে বাঁ দিকের ওপরের মেন্যুতে ট্যাপ করুন।
- সেটিংসে গিয়ে যে অ্যাকাউন্টে সুবিধাটি চান, সেটি নির্বাচন করুন।
- এরপর ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ অপশনে যান।
- সুইচ অন করে ছুটি শুরুর ও শেষের তারিখ, সাবজেক্ট এবং মেসেজ লিখে দিন।
চাইলে শুধু কন্টাক্টসে থাকা ব্যক্তিদের জন্যও এটি সীমাবদ্ধ করতে পারেন। সবশেষে ‘ডান’ ট্যাপ করলেই সেটিংস সেভ হয়ে যাবে।
আইফোন বা আইপ্যাডে চালু করার পদ্ধতি
আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরাও খুব সহজে এই সুবিধা নিতে পারেন:
- আইফোন বা আইপ্যাডে জিমেইল অ্যাপ ওপেন করুন।
- মেন্যু থেকে সেটিংসে প্রবেশ করুন এবং ‘কম্পোজ অ্যান্ড রিপ্লাই’ অংশের ভেতরে ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ অপশনটি খুঁজুন।
- সেটি চালু করে ছুটির তারিখ, সাবজেক্ট ও মেসেজ লিখুন।
চাইলে শুধু পরিচিত কন্টাক্টস তালিকার মানুষদের জন্য এই সুবিধা রাখতে পারেন। সব ঠিকঠাক থাকলে ওপরের ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
ছুটি শেষে ফিচারটি বন্ধ করবেন যেভাবে
ছুটি ফুরিয়ে কাজে ফিরলে ভ্যাকেশন রেস্পন্ডার বন্ধ করে দেওয়াই ভালো। কম্পিউটারে জিমেইল খুললে অটো রিপ্লাই চালু থাকার একটি ব্যানার চোখে পড়ে; সেখানে ‘এন্ড নাও’ চাপলেই এটি বন্ধ হয়ে যাবে। আর অ্যান্ড্রয়েড বা আইফোনের জিমেইল অ্যাপে সেটিংস থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ‘ভ্যাকেশন রেস্পন্ডার’-এ গিয়ে সুইচটি অফ করে দিলেই হবে।
সব মিলিয়ে, ছুটিতে যাওয়ার আগে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে এই ফিচার চালু রাখলে বারবার ইনবক্স চেক করার চাপ কমবে, আর মেইল পাঠানো ব্যক্তিরাও আপনার অনুপস্থিতির খবর সহজেই জেনে যাবেন।




