বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শ্রমবাজার ওমান। আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে– এমন আশ্বাস দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স–এর সাইডলাইনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল–এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই আশ্বাস দেন ওমানের শ্রমমন্ত্রী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
অনিয়মিত কর্মীদের বৈধকরণে ওমানের উদ্যোগের প্রশংসা
বৈঠকে ড. আসিফ নজরুল ওমানে বসবাসরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ দক্ষ পেশাজীবীদের জন্য শ্রমবাজার আরও উন্মুক্ত করার অনুরোধ জানান।
এ ছাড়া দীর্ঘদিন ধরে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা স্থগিত থাকায় বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান উপদেষ্টা।
কেন বন্ধ ছিল ভিসা?
ওমানের শ্রমমন্ত্রী জানান, ২০২৩ সাল থেকে দেশটিতে থাকা অনিয়মিত ও আনডকুমেন্টেড শ্রমিকদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়েছিল।
তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
শ্রমবাজারে স্বচ্ছতা আনতে বাংলাদেশের উদ্যোগ তুলে ধরলেন উপদেষ্টা
বৈঠকে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের কথাও তুলে ধরেন ড. আসিফ নজরুল। এর মধ্যে রয়েছে-
- অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার
- স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
- আইনি সংস্কার
- কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই
- প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে ধারণা প্রদান
যৌথ কারিগরি কমিটির বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব
চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে বাংলাদেশ–ওমান যৌথ কারিগরি কমিটির (JTC) পরবর্তী সভা আয়োজনের প্রস্তাব দেন উপদেষ্টা।
একই সঙ্গে শ্রম সহযোগিতা আরও জোরদার করতে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (MoU) দ্রুত স্বাক্ষরের আহ্বান জানান তিনি।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন





