আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ১১ দলীয় জোটের যার যেখানে প্রার্থী দেওয়া হয়েছে, সেখানে জয়ী হওয়ার মধ্য দিয়েই জনগণের সরকার কায়েম করা হবে। তিনি বলেন, সারা বাংলাদেশে ন্যায় ও ইনসাফের পক্ষে এক বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের উত্তাল সমুদ্র দেখে স্বৈরাচারী শক্তি ভয় পায়। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শিশু থেকে আবাল-বৃদ্ধ-বনিতা- সবার জন্য একই আইন ও একই বিচার নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ- কারও জন্যই আলাদা বিচার হবে না, কোনো দায়মুক্তি দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে একটি নতুন ইতিহাস রচিত হবে। সেই ইতিহাস হবে ন্যায় ও ইনসাফের পক্ষে, চাঁদাবাজ ও দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ গড়ার পক্ষে এবং অর্থনৈতিক মুক্তি ও বেকারত্ব দূরীকরণের পক্ষে।
অতীতে রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিদেশে পাচারের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, তাহলে যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে এবং দেশের উন্নয়নে ব্যয় করা হবে। চোরাই ভোটের অন্ধকার গলির নায়কদের বিচার নিশ্চিত করা হবে।”
জনসভায় তিনি লক্ষ্মীপুর জেলার চারটি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনি প্রতীক তুলে দেন। লক্ষ্মীপুর-১ আসনে শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন ভঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনে প্রার্থী রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থী হাফিজ উল্যাহর হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির।
জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকসুর ভিপি সাদিক কায়েম, শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী, জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।





